ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:৪৯ পিএম
বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত মঙ্গলবার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ড. খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্বের দুই শক্তিশালী প্রতিবেশী দেশের পক্ষ থেকে এই বিশেষ অভিনন্দন বার্তা পাঠানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর এই অভিষেককে স্বাগত জানিয়ে দুই দেশই বাংলাদেশের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।চীনের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর বার্তায় দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সম্পাদিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, নতুন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে চীন ও বাংলাদেশের মধ্যকার ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে। বেইজিং বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও নিবিড়ভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেছে।
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তাঁর অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি জানান, পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সহযোগিতা আরও এগিয়ে নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একযোগে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
নতুন এই পররাষ্ট্রমন্ত্রীকে ঘিরে আন্তর্জাতিক মহলের এমন দ্রুত ও ইতিবাচক প্রতিক্রিয়া বাংলাদেশের আগামী দিনের কূটনৈতিক পথচলাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারসাম্য বজায় রেখে দেশের জাতীয় স্বার্থ রক্ষায় নতুন পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন