ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:১০ পিএম
বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর তাঁর দাপ্তরিক কার্যাবলি এবং সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দ্রুততম সময়ে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন পেজ চালু করা হয়েছে।
পেজের নাম: Pmo Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত আঠারো মাস ধরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।
সেই সময়কালজুড়ে সরকারি আপডেট প্রদানের জন্য `Chief Advisor GOB` পেজটি সক্রিয় ছিল। তবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর রাতেই গেজেট জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ১০টার দিকে বিদায়ী প্রধান উপদেষ্টার পেজ থেকে একটি বিদায়ী পোস্ট দেওয়া হয় এবং পেজটির সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সকল খবরাখবর, সরকারি প্রজ্ঞাপন এবং জনগুরুত্বপূর্ণ তথ্য নতুন এই `Pmo Bangladesh` পেজে নিয়মিত প্রচার করা হবে। তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে জনগণের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপন এবং গুজব রোধে এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন