সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন তারেক রহমান

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৩৪ পিএম

প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন তারেক রহমান

প্রথম মন্ত্রিসভা বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে আগামী ১৮০ দিনের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি বা রোডম্যাপ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম বৈঠক থেকেই জনস্বার্থ ও প্রশাসনিক সংস্কারের ওপর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন নতুন সরকারপ্রধান।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান, সরকার দ্রুততম সময়ে ১৮০ দিনের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করবে। এই সময়ের মধ্যে প্রতিটি মন্ত্রণালয় তাদের ওপর অর্পিত বিশেষ দায়িত্বগুলো অগ্রাধিকার ভিত্তিতে পালন করবে। 

বিশেষ করে আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি নিশ্চিত করতে বাজার নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া গণমাধ্যম কমিশন সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়েও কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, কোনো স্তরেই দুর্নীতি সহ্য করা হবে না। দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ এবং দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত থেকে জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য তিনি মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগণের বিপুল ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি মন্ত্রণালয়কে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান উল্লেখ করেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এখনই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আজ দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। বেলা ৩টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়ে বিকেলে তা সমাপ্ত হয়। মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রধানমন্ত্রী প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গেও একটি মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।