ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:০৮ পিএম
অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে সর্বজনীন এবং দেশের প্রতিটি স্তরের মানুষের এখানে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ করে নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, দেশের সাধারণ শ্রমজীবী থেকে শুরু করে সকল পেশার মানুষকে যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করা যায়,
তবেই সামগ্রিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তিনি দেশের অর্থনীতিতে একটি সমান প্রতিযোগিতার ক্ষেত্র বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তব্যে ৫ আগস্ট পরবর্তী জনাকাঙ্ক্ষার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষের চিন্তা ও মনোজগতে যে বড় পরিবর্তন এসেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বর্তমানে যে নাজুক অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত সংস্কার করে কার্যকর করে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি সাফ জানিয়ে দেন যে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং কাজের দক্ষতা ফিরিয়ে আনতে হবে। কোনো বিশেষ মহলের পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে এসে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে। এর জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণমুক্ত বাজার ব্যবস্থা ও উদারীকরণের ওপর তিনি জোর দেন।দেশের অর্থনীতিকে কেবল উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে বহুমুখী করার পরিকল্পনা ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
উদাহরণ হিসেবে তিনি গ্রামীণ কুটির শিল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বরিশালের শীতলপাটির মতো স্থানীয় পণ্যের কারিগরদের যদি সঠিক প্রশিক্ষণ, ঋণ সুবিধা এবং অনলাইন মার্কেটিংয়ের আওতায় আনা যায়, তবে আন্তর্জাতিক বাজারে বড় অবস্থান তৈরি করা সম্ভব হবে। ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন অসংজ্ঞায়িত খাতকেও জাতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ঘোষিত ৩১ দফার আলোকেই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী দেশের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে এবং অর্থনৈতিক লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন