ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:৫৩ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। বুধবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কমিশনার নির্বাচনের সময় পুলিশ সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং বলেন যে এর মাধ্যমে বাহিনী তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে শুরু করেছে। তিনি আগামী দিনগুলোতে পুলিশের এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার জন্য সবাইকে সচেষ্ট থাকার নির্দেশ দেন।
আসন্ন পবিত্র রমজান মাসে জনদুর্ভোগ কমাতে ট্রাফিক ব্যবস্থার ওপর বিশেষ জোর দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, রমজানে ইফতারের আগে সড়কে যানবাহনের চাপ অস্বাভাবিক হারে বেড়ে যায়।
সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সময়মতো বাসায় ফিরে পরিবারের সাথে ইফতার করতে পারেন, সেজন্য ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় যাতে সড়কে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম ২১শে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলা উপলক্ষে বাড়তি সতর্কতার কথা উল্লেখ করেন।
এছাড়া রমজানে তারাবির নামাজের সময় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ যেন কোনোভাবেই না ঘটে, সেদিকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। সভায় গত জানুয়ারি মাসে ঢাকা মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণে সফল অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠানে ডিএমপির কাউন্টার টেরোরিজম, ডিবি এবং লজিস্টিকসসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন