ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:৫৭ পিএম
চলতি বছরের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অর্থনীতির এই ইতিবাচক অগ্রগতির চিত্র তুলে ধরেন। গভর্নর জানান, বর্তমান ধারায় প্রবাসী আয় ও রপ্তানি প্রবাহ বজায় থাকলে চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে যাবে এবং বছর শেষে এটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
বিগত সময়ে আর্থিক খাতে যে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা হয়েছে, তা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগলেও সংস্কারের সুফল পাওয়া শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের অর্থনীতির ভঙ্গুরতা এখনো পুরোপুরি না কাটলেও সামগ্রিক পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো নবনির্বাচিত সরকার এগিয়ে নেবে বলে তিনি প্রত্যাশা করেন। মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা এখনই অর্জন করা সম্ভব হয়নি।
তবে এ লক্ষ্যমাত্রা অর্জনে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির জন্য নতুন সরকারকে আরও কার্যকর ও সাহসী উদ্যোগ গ্রহণ করতে হবে।একই অনুষ্ঠানে দেশের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সক্ষম করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন যে, বর্তমান সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিনির্ভর পৃষ্ঠপোষকতার অর্থনীতি বজায় রাখতে চায় না।
পরিবর্তে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হবে যেখানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত থাকবে। অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব ও স্বচ্ছতা ফিরিয়ে এনে অর্থনীতির প্রকৃত সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। বাজারমুখী ও অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মুক্তি সম্ভব বলে তিনি মন্তব্য করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন