সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

পবিত্র রমজানে স্কুল বন্ধ রেখে নতুন ছুটির তালিকা প্রকাশ

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:০২ পিএম

পবিত্র রমজানে স্কুল বন্ধ রেখে নতুন ছুটির তালিকা প্রকাশ

বিদ্যালয় বন্ধ ঘোষণা করে ছুটির সংশোধিত তালিকা প্রকাশ

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে ছুটির সংশোধিত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নতুন বর্ষপঞ্জি প্রকাশ করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকেই দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি শুরু হবে। 

এই ছুটি আগামী ২৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পাবেন।

এর আগে রমজানে স্কুল খোলা রাখা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল। গত রবিবার উচ্চ আদালতের একটি আদেশে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আইনি প্রক্রিয়ার কারণে বিষয়টি কিছুটা জটিল হয়ে পড়ে। 

অবশেষে শিক্ষা মন্ত্রণালয় ছুটির তালিকা সংশোধন করে স্কুল বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য সরকারি ছুটির কারণে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা কয়েক দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে স্কুলগুলোতে পুনরায় পাঠদান শুরু হলেও রমজানের চাঁদ দেখা যাওয়ায় নতুন করে এই ছুটির ঘোষণা এল। 

অন্যদিকে দেশের কলেজগুলোতে বুধবার থেকেই রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে গেছে। কলেজের ক্লাসসমূহ আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। মাদরাসাগুলোতেও আগের নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে। শিক্ষা মন্ত্রণালয়ের এই নতুন সিদ্ধান্তের ফলে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এখন রমজানের ছুটি কার্যকর হলো।