ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৭:৫৭ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সরকার। দীর্ঘদিনের এই দাবি পূরণে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সরকারি চাকরিজীবীদের সমপরিমাণ উৎসব ভাতা না পাওয়ার যে আক্ষেপ বেসরকারি শিক্ষকদের মধ্যে রয়েছে, তা দ্রুত নিরসন করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীরা তাদের মূল বেতনের শতভাগ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন।
কিন্তু এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতার ক্ষেত্রে দীর্ঘকাল ধরে একটি কাঠামোগত বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারা মূল বেতনের একটি ক্ষুদ্র অংশ উৎসব ভাতা হিসেবে পান। দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে এই বৈষম্য দূর করে শতভাগ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছিল।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি সম্পর্কে তিনি ও সরকার পুরোপুরি অবগত আছেন।বর্তমান সরকারের আমলেই শিক্ষকদের এই প্রত্যাশা পূরণ হবে বলে শিক্ষামন্ত্রী দৃঢ়ভাবে জানান। তিনি বলেন, বিষয়টির সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।
আর্থিক বরাদ্দ এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি ইঙ্গিত দেন। শিক্ষামন্ত্রীর এই আশ্বাসের ফলে দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সরকারের এই উদ্যোগ সফল হলে শিক্ষাখাতে আর্থিক বৈষম্য কমার পাশাপাশি শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন