ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:২৪ পিএম
দেশের প্রশাসনিক কার্যক্রমে বাড়তি গতি আনতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সরকারি কাজে স্থবিরতা কাটাতে সরকারপ্রধানের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রয়োজনীয় সংস্কার ও মেরামত কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।
সংস্কার কাজ চলমান থাকায় দাপ্তরিক কার্যক্রমে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী কয়েকদিন বাংলাদেশ সচিবালয় থেকেই তার নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করবেন।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথিপত্র স্বাক্ষরের কাজ সম্পন্ন করেন।সচিবালয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিষয়ে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের এই উদ্যোগ দ্রুত কার্যকর করার ওপর তিনি জোর দেন। এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এই পনেরো সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বাকি চৌদ্দজন সদস্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা এবং নীতিনির্ধারক, যারা নিম্ন আয়ের মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন