ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৩১ এএম
দেশের ক্রমবর্ধমান বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি বৃদ্ধির ওপর জোর দিচ্ছে নতুন সরকার। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত আরও মজবুত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
দেশের অর্থনীতিকে গতিশীল করতে বাণিজ্য খাতের কাঠামোগত সংস্কারের বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে যেসব বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হয়েছিল,
বর্তমান সরকার সেগুলো নতুন করে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। দেশের স্বার্থ পরিপন্থী কোনো শর্ত থাকলে তা খতিয়ে দেখার ইঙ্গিত দেন তিনি। এছাড়া দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার একটি যুগোপযোগী ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করছে।
আন্তর্জাতিক বাজারে আন্তঃদেশীয় বাণিজ্যের যে বৈশ্বিক স্থবিরতা বিরাজ করছে, তা কাটিয়ে উঠতে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান মন্ত্রী।এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌঁছান খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় বিমানবন্দরে সিলেট জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে পৌঁছালে সেখানে মন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে দেশের বাণিজ্য ও শিল্প খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন