শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

শহিদ মিনারে নির্বাচনের মতো কঠোর নিরাপত্তা: ডিএমপি

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৫৮ এএম

শহিদ মিনারে নির্বাচনের মতো কঠোর নিরাপত্তা: ডিএমপি

শহিদ মিনারে নিরাপত্তা তদারকি

সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের আদলে কেন্দ্রীয় শহিদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন। 

ডিএমপি কমিশনার বলেন, বিগত নির্বাচনে যেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শৃঙ্খলা বজায় ছিল, ঠিক তেমনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনেও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।নিরাপত্তা পরিকল্পনা বিস্তারিত তুলে ধরে কমিশনার জানান, শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। 

সাধারণ পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি থাকবে স্বেচ্ছাসেবী বাহিনী। একাধিক স্তরের এই নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

একই সময়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব প্রস্তুত রয়েছে। পুরো এলাকায় ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। এছাড়া ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে। দেশজুড়ে কেন্দ্রীয় শহিদ মিনারগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক আরও বলেন, দাবি আদায়ের নামে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আসা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।