শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন আনল ইসি

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:২৪ পিএম

এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন আনল ইসি

এনআইডি সংশোধনে নতুন নিয়ম

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে নির্বাচন কমিশন। নতুন জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিবর্তে সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে। 

সম্প্রতি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ২৪ ডিসেম্বর নতুন এসওপি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়। নতুন নিয়ম অনুযায়ী জন্ম তারিখ বা জন্ম তারিখসহ অন্য যেকোনো তথ্য সংশোধনের আবেদনগুলো এখন থেকে ‍‍`ঘ‍‍` ক্যাটাগরি হিসেবে গণ্য হবে। এর আগে মাঠ পর্যায়ের আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা এসব আবেদন বিভিন্ন ক্যাটাগরিতে নিষ্পত্তি করার এখতিয়ার রাখতেন। 

এখন থেকে প্রজ্ঞাপন জারির আগে জমা পড়া আবেদনগুলোকেও ‍‍`ঘ‍‍` ক্যাটাগরিতে উন্নীত করে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তির জন্য পাঠাতে হবে।মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্বাচন কমিশন তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে। প্রথমত, জন্ম তারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে বিভিন্ন ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। 

দ্বিতীয়ত, প্রাপ্ত তালিকা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন মনে করছে, কেন্দ্রীয়ভাবে আবেদনগুলোর ক্যাটাগরি নির্ধারণ এবং ডিজি পর্যায়ে চূড়ান্ত নিষ্পত্তির ফলে এনআইডি সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে। তবে মাঠ পর্যায়ের সব ফাইল প্রধান কার্যালয়ে পাঠানো হলে কাজের চাপ ও সময়ক্ষেপণ বাড়তে পারে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে কিছুটা সংশয় কাজ করছে। বর্তমানে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এই নতুন নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।