ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:২৪ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি শহীদ মিনারের মূল বেদীতে এই ফুলেল শ্রদ্ধা জানাবেন।
দিবসটি ঘিরে রাজধানীসহ দেশব্যাপী কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে এখন পর্যন্ত কোনো সরাসরি নিরাপত্তা ঝুঁকি বা হুমকি নেই।
তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাব এবং অন্যান্য বাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। ভিভিআইপি ও ভিআইপিদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ফোর্স মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পুরো এলাকায় প্রয়োজনীয় কারিগরি তল্লাশি বা সুইপিং সম্পন্ন করেছে। এছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য র্যাবের স্পেশাল ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকদের গমনাগমন নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের সমন্বয়ে শহীদ মিনার কেন্দ্রিক বিশেষ নজরদারি এবং প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে যাতে শ্রদ্ধা জানাতে আসা মানুষ কোনো ধরনের ঝুঁকির মুখে না পড়েন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন