ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:০৫ পিএম
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রূপে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
ভবিষ্যতে এমন এক ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের প্রয়োজনে সেবায় নিয়োজিত থাকবেন।
সরদার সাখাওয়াত হোসেন বকুল উল্লেখ করেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মানসিকতা নিয়ে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি সবার প্রতি সরকারের সমান দায়বদ্ধতা রয়েছে।
দেশের সব নাগরিকের জন্য বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সব পক্ষের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।নিজ জেলা নরসিংদী নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলায় একটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। শুধু নরসিংদী নয়, দেশের যেখানে যেখানে প্রয়োজন সেখানেই নতুন মেডিকেল কলেজ ও উন্নত স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলা হবে।
এছাড়া নরসিংদীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ যেসব স্বাস্থ্যকেন্দ্র এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে। জরুরি চিকিৎসায় সক্ষমতা বাড়াতে নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। এসময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মন্ত্রী নিজ এলাকায় পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন