শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে: শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৭:০৮ পিএম

রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কিশোর অপরাধ প্রতিরোধ এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন যে রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি সম্পূর্ণ বন্ধ করতে হবে। 

মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখন থেকে রাতে কোনো কিশোরকে রাস্তায় অকারণে ঘুরতে দেখলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। এই প্রক্রিয়ায় যদি কোনো সাংবিধানিক বা আইনি তর্কের অবকাশ তৈরি হয় তবে তা পরবর্তী সময়ে খতিয়ে দেখা হবে বলে তিনি মন্তব্য করেন। 

মূলত কিশোর গ্যাং বা কিশোর অপরাধের বিস্তার রোধে এই কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।একই সভায় শিক্ষামন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যে তিনি নিজে কখনো দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেবেন না। 

এটি তার অন্যতম প্রধান অঙ্গীকার। মন্ত্রী সাফ জানিয়ে দেন যে কর্মকর্তাদের মধ্যে যারা তার এই আদর্শের সঙ্গে একমত হতে পারবেন না তাদের উচিত হবে অন্য কোনো এলাকায় বদলি হয়ে চলে যাওয়া। প্রয়োজনে তিনি নিজে কর্মকর্তাদের ভালো জায়গায় বদলির ব্যবস্থা করবেন কিন্তু তার এলাকায় কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না। কচুয়া উপজেলাকে একটি আদর্শ ও পবিত্র জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।মতবিনিময় সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও সচেতন অভিভাবক মহল কিশোরদের নিয়ন্ত্রণে পুলিশের নজরদারির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনের কর্মকর্তাদের স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন জনগণের জানমাল রক্ষা এবং সুষ্ঠু সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও উপস্থিত ছিলেন।