ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৮:০৬ পিএম
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে ঢাকা। এর অংশ হিসেবে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করা হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এই সিদ্ধান্তকে দুই দেশের কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারের প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
গত ডিসেম্বর মাসে রাজনৈতিক উত্তেজনা এবং ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সেই সময় কূটনৈতিক কার্যক্রম সীমিত করা হলেও কেবল ব্যবসা ও কর্মসংস্থান সংক্রান্ত কিছু নির্দিষ্ট ভিসা নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল।
তবে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের তিন দিনের মাথায় সব ধরনের ভিসা উন্মুক্ত করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে।দিল্লিতে বাংলাদেশের ভিসা সেবা চালুর পাশাপাশি ভারতও বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরুর উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। সিলেটে নিযুক্ত ভারতের জ্যেষ্ঠ কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানান যে বর্তমানে চালু থাকা চিকিৎসা ও ডাবল এন্ট্রি ভিসার বাইরে অন্যান্য সব শ্রেণির ভিসা শীঘ্রই চালু করা হবে।
ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব ঘটনাপ্রবাহ দুই দেশের মধ্যে পুনরায় আস্থা তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন