সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

রাতে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের নির্দেশনা শিক্ষামন্ত্রীর এলাকার জন্য

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:২৩ পিএম

রাতে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের নির্দেশনা শিক্ষামন্ত্রীর এলাকার জন্য

শিক্ষামন্ত্রী আ ন ম মিলন

রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনাটি কেবল নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ার জন্য দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেন, এটি সারা দেশের জন্য কোনো সাধারণ নির্দেশনা নয়। 

আজ বুধবার সচিবালয়ে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।

সন্ধ্যার পর রাস্তায় ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের বিষয়ে এর আগে মন্ত্রীর একটি বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি কচুয়াবাসীকে কথা দিয়েছিলেন যে নির্বাচিত হলে সেখানে মাদক, ইভ টিজিং এবং সন্ত্রাস বন্ধ করবেন। 

এরই অংশ হিসেবে তিনি কচুয়ায় গভীর রাত পর্যন্ত অপ্রয়োজনীয় ঘোরাফেরা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই অঙ্গীকারটি সম্পূর্ণ তার নির্বাচনী এলাকা কেন্দ্রিক এবং তিনি বহুবার এটি তার এলাকায় প্রচার করেছেন।মন্ত্রী আরও উল্লেখ করেন, কচুয়া উপজেলার প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের তিনি বলেছেন যেন অভিভাবকদের সাথে নিয়ে কেউ রাস্তায় ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরিবারকে জানানো হয়। 

তিনি বলেন, এটি সংসদ সদস্য হিসেবে তার নির্বাচনী এলাকার প্রতি একটি দায়বদ্ধতা এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। শিক্ষা মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশের জন্য এমন কোনো ঘোষণা তিনি দেননি বলে দাবি করেন। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে এটি কোনো জাতীয় অঙ্গীকার নয় বরং কেবল কচুয়ার জন্য তার ব্যক্তিগত উদ্যোগ।