সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী আমীর খসরু

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৩০ পিএম

গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী আমীর খসরু

বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল নিয়ে অবশেষে মুখ খুলেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়াকে একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন তিনি। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন।

যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার ও নীতিগত কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এমন পরিবর্তন আনা হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং প্রশাসনিক সংস্কারের অংশ বলে তিনি মন্তব্য করেন।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও জানান যে নতুন সরকারের নিজস্ব অগ্রাধিকার বা প্রায়োরিটি থাকে। সেই লক্ষ্য অর্জনে প্রয়োজনে ভবিষ্যতেও বিভিন্ন দপ্তরে এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকবে। তিনি মনে করেন একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে গেলে সঠিক জায়গায় সঠিক লোক নিয়োগ দেওয়া সরকারের সাংবিধানিক অধিকার। 

গভর্নর পদে এই পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বরং নতুন গতির সঞ্চার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।একই দিনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগ চূড়ান্ত করা হয়। এর মাধ্যমে ড. আহসান এইচ মনসুরের মেয়াদের সমাপ্তি ঘটল। যিনি হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব নিয়েছিলেন। 

নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর মোস্তাকুর রহমান পেশায় একজন ব্যবসায়ী ও দক্ষ হিসাববিদ। তিনি হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কারখানাটি নারায়ণগঞ্জে অবস্থিত এবং এটি একটি আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।মোস্তাকুর রহমানের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা অত্যন্ত সমৃদ্ধ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

 পরবর্তী সময়ে তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন। একজন দক্ষ আর্থিক ব্যবস্থাপক হিসেবে তার সুনাম রয়েছে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন যে মোস্তাকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করতে পারবে এবং ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।