মার্চ ২১, ২০২৬, ০৭:৫৯ এএম
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকায় উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রধান ঈদগাহগুলোতে নামাজের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর রাজধানীতে ১২১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণ করার কথা রয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল সাতটা, আটটা, নয়টা, দশটা এবং পৌনে এগারোটায় এসব জামাত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
পরবর্তী জামাতগুলোতে যথাক্রমে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মাওলানা মো. জাকির হোসেন, মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম উপস্থিত থাকবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল আটটায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এই স্থানে একসঙ্গে প্রায় দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে গত বছরের মতো এবার কোনো ঈদ আনন্দ মিছিল বা শোভাযাত্রার আয়োজন রাখা হয়নি। অন্যদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরা অংশ নেবেন এবং নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল আটটায় এবং দ্বিতীয়টি সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল লন এবং ফজলুল হক মুসলিম হলের মাঠে সকাল আটটায় ঈদের জামাত হবে।
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল সাতটায় এবং গেন্ডারিয়া ঈদ কমিটির ধূপখোলা ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও মুগদা রসুলবাদ জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ফরিদাবাদ মাদরাসা জামে মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ এবং লালবাগ মুন্সী মিয়া জান জামে মসজিদে জামাত হবে সকাল আটটায়। এছাড়া নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ এবং জুরাইন বাইতুল জলিল জামে মসজিদে সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোট সতেরোটি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে মারকাজুল ফিকরিল ইসলামীতে সকাল সাড়ে ছয়টা, উম্মে কুলসুম জামে মসজিদে পৌনে সাতটা এবং অন্যান্য ব্লকগুলোর মসজিদে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত বিভিন্ন সময়ে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও যাত্রাবাড়ী, খিলগাঁও, মিরপুর, মোহাম্মদপুর এবং শান্তিনগরসহ ঢাকার বিভিন্ন এলাকায় স্থানীয় সময়সূচি অনুযায়ী ঈদের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন