শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০৯:৩৩ পিএম

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য আশার কথা শোনালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী এসব প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো হবে। শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। 

প্রতিমন্ত্রী এদিন মধ্যপ্রাচ্য সংঘাতের শিকার হয়ে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার এরই মধ্যে প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে। ভবিষ্যতে যেসব দেশে প্রবাসীদের যাতায়াতে সমস্যা হবে, সেই চাহিদা অনুযায়ী ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও জানান, প্রবাসী কর্মীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোর মাধ্যমে নিয়মিত যোগাযোগ ও তৎপরতা চালিয়ে যাচ্ছে। যাতে কর্মীরা নিরাপদে দেশে ফিরতে পারেন কিংবা অন্য কোনো নিরাপদ কর্মস্থলে অবস্থান করতে পারেন।মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় প্রাণ হারানো বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

তিনি জানান, সাম্প্রতিক সংঘাতে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের মরদেহ এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। বাকিদের দেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।একই সঙ্গে অবৈধ পথে বিদেশ পাড়ি দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে মানবপাচারের কারণে অসংখ্য মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং অনেকে বিদেশের মাটিতে মানবেতর জীবন কাটাচ্ছেন। যারা এই জঘন্য মানবপাচার চক্রের সাথে জড়িত, তাদের খুঁজে বের করে কঠোর আইনের আওতায় আনা হবে। বিদেশে অবস্থানরত সংকটে পড়া কর্মীদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে বলে তিনি সংবাদমাধ্যমকে জানান।