এপ্রিল ৮, ২০২৬, ১২:৩১ পিএম
আজ বুধবার দুপুরে ভারতের রাজধানী দিল্লির হায়দ্রাবাদ হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় এই দ্বিপাক্ষিক বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।
দীর্ঘদিন পর দুই দেশের উচ্চপর্যায়ের এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা অমীমাংসিত ও চলমান ইস্যু স্থান পাবে। আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে দুই দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।
এ ছাড়া গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সব ধরনের ভিসা চালু করার জোরালো দাবি জানানো হবে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণ এবং বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়াও জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন চাইবেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সরকারের পক্ষ থেকে এই সফরকে একটি শুভেচ্ছা সফর হিসেবে উল্লেখ করা হয়েছে। দিল্লির বৈঠকের পর বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান।
আগামীকাল বৃহস্পতিবার সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একই বাণিজ্যিক ফ্লাইটে মরিশাসের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেবেন তারা। সাত-আট ঘণ্টার এই দীর্ঘ আকাশযাত্রায় দুই দেশের মন্ত্রীরা একান্ত পরিবেশে অনানুষ্ঠানিক আলোচনার বিশেষ সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা। এর ফলে দ্বিপাক্ষিক অনেক জটিল সংকট সমাধানের পথ সহজ হতে পারে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন