এপ্রিল ৮, ২০২৬, ১২:৩৫ পিএম
চলতি অর্থবছরেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে প্রশ্নোত্তরে পর্বে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সকালের অধিবেশনে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে শিক্ষা খাতের ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২ লাখ শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণের এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় সম্প্রসারণ করা হবে। এ ছাড়া শিশুদের শারীরিক পুষ্টি ও ঝরে পড়া রোধে সকল প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর জোরালো পরিকল্পনা সরকারের রয়েছে। নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার অংশ হিসেবে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।
ডিজিটাল শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তির বৈষম্য কমাতে ১৫০০টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও জানান, প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য একটি অনন্য ডিজিটাল পরিচয় বা `এডু-আইডি` প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সবার জন্য বাধ্যতামূলক করার পরিকল্পনা ব্যক্ত করেন তিনি।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী সংসদে বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হবে। এ ছাড়াও পর্যায়ক্রমে সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। মাদ্রাসা শিক্ষাকে আরও যুগোপযোগী করতে সেখানে স্মার্ট ক্লাসরুম স্থাপন ও আধুনিক কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার বিষয়েও প্রধানমন্ত্রী তার বক্তব্যে আলোকপাত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন