এপ্রিল ৮, ২০২৬, ০৫:১০ পিএম
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বৈঠক করেছেন ড. খলিলুর রহমান। আজ বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক আলোচনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এই একান্ত আলোচনাকে দুই দেশের বর্তমান কূটনৈতিক প্রেক্ষাপটে সম্পর্কের বরফ গলার বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, হায়দরাবাদ হাউসের এই বৈঠকে প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও ভূ-রাজনীতি নিয়ে বিস্তারিত কথা বলেন।
জয়শঙ্করের সঙ্গে এই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। মূলত পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘ মেয়াদে সম্পর্ক এগিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা নিয়ে এই সফরে গেছেন বাংলাদেশের প্রতিনিধি দল।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসায় এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। নতুন এই সরকারের প্রথম মন্ত্রী হিসেবে খলিলুর রহমানের এই দিল্লি সফরকে তাই দুই দেশই বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকারের পক্ষ থেকে একে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
দিল্লি সফরের দ্বিতীয় দিনে আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের প্রভাবশালী সংবাদপত্রের সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক প্রাতঃরাশ সভায় যোগ দেন। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিকেলের দিকে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তাঁর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সফরের প্রথম দিনেই তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করে আস্থার ভিত্তি মজবুত করার তাগিদ দেন।
উল্লেখ্য যে, মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার পথে দিল্লিকে ট্রানজিট হিসেবে বেছে নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। তারা আগামীকাল সকালে দিল্লির একই বিমানবন্দর থেকে মরিশাসের উদ্দেশ্যে রওনা দেবেন। আগামী ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, মরিশাস যাওয়ার দীর্ঘ আকাশপথের যাত্রায় দুই দেশের উচ্চপর্যায়ের এই প্রতিনিধিরা আরও নিবিড়ভাবে দ্বিপাক্ষিক অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে কথা বলার সুযোগ পাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন