এপ্রিল ১৪, ২০২৬, ০৩:৫৯ পিএম
আগামীর বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ ও পরিপূর্ণ বিকাশের উপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশুদের সঠিক পৃষ্ঠপোষকতা প্রদানের গুরুত্ব অনুধাবন করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বুঝতে পেরেছিলেন যে, ভবিষ্যৎ প্রজন্মকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলতে হলে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া প্রয়োজন।
সেই লক্ষ্য থেকেই তিনি বাংলাদেশ শিশু একাডেমি ও শিশু পার্ক প্রতিষ্ঠা করেছিলেন এবং জেলা পর্যায়ে এর কার্যক্রম বিস্তৃত করেছিলেন। তবে বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানগুলো যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে শিশুদের বিকাশে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।
শিশুদের অধিকার রক্ষায় বর্তমান প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত সজাগ। বর্তমান সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল মননশীলতা ও চিন্তার পরিধি বৃদ্ধির জন্য কাজ করবে। শিশুদের আগামীর যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা প্রদানের নিশ্চয়তা দেন তিনি। নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ সবার মনে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং আগামী বছর বৈশাখী আয়োজন আরও সুন্দর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বৈশাখের প্রথম দিনটি আমাদের জীবনে নতুন সম্ভাবনা ও আশার দ্বার উন্মোচন করে। শিশু একাডেমি আয়োজিত এই উৎসবে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বীজ বপন করবে। তিনি শিশুদের সৃজনশীল বিকাশে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা। এছাড়া অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, একাডেমির শিক্ষার্থী, প্রশিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন