এপ্রিল ১৪, ২০২৬, ১০:১৮ পিএম
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার (১৩ এপ্রিল) ‘ইতিহাস ও ঐতিহ্য পরিষদ’ এই বর্ণাঢ্য অনুষ্ঠানটির আয়োজন করে। পহেলা বৈশাখ ও চৈত্রসংক্রান্তির চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ঋতু পরিবর্তন ও প্রকৃতি থেকে অনুপ্রাণিত বিভিন্ন নৃত্যশৈলী উপস্থাপিত হয়। এছাড়া রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, কবিতা আবৃত্তি এবং আবহমান বাংলার ঐতিহ্যবাহী জারি গানসহ বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণকে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই উৎসবগুলো ভারত ও বাংলাদেশের মাঝে বিদ্যমান গভীর শিকড়যুক্ত অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি বিশ্বাস করেন, এই ধরনের সাংস্কৃতিক বিনিময় দুই দেশের সমাজ ও জনগণকে নিবিড়ভাবে সংযুক্ত করে এবং পারস্পরিক মৈত্রীকে আরও সুদৃঢ় করে।
প্রণয় ভার্মা আরও উল্লেখ করেন যে, ভারত ও বাংলাদেশের মানুষের আবেগ ও সংস্কৃতির জায়গাটি অত্যন্ত শক্তিশালী। এই অভিন্ন ঐতিহ্যই দুই দেশের সম্পর্কের অন্যতম মূল স্তম্ভ। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন এবং বাঙালি সংস্কৃতির এই চিরন্তন ধারাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন