মে ৪, ২০২৬, ০৮:০৯ পিএম
হযরত শাহজালাল (রহ.) ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজার কর্তৃপক্ষের কাছে এই উপহার তুলে দেন।সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে প্রধানমন্ত্রীর এই উপহার হস্তান্তর করেন।
উপহার প্রদানের পাশাপাশি সিসিক প্রশাসক মাজার এলাকার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সিটি করপোরেশনের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
সাংবাদিকদের আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গরু উপহার দেওয়া হয়েছে। ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ভক্ত ও আশেকানদের সমাগমের কথা মাথায় রেখে মাজার এলাকার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।ওরসে আগত ভক্তদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন পালনের আহ্বান জানান সিসিক প্রশাসক। তিনি উল্লেখ করেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
গরু হস্তান্তর ও পরিদর্শনকালে সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ মাজার ও ওরস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী ০৭ মে থেকে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন