মে ১৩, ২০২৬, ০৯:৪০ এএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বুধবার (১৩ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অবৈধ টিকিট বিক্রি ও কালোবাজারি রোধে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে এসব টিকিট সংগ্রহ করতে পারছেন।
রেলওয়ের ঈদ কার্যবিবরণী অনুযায়ী, বুধবার দেওয়া হচ্ছে ২৩ মে’র টিকিট। ধারাবাহিকভাবে আগামী ১৪ মে বিক্রি হবে ২৪ মে’র টিকিট। এছাড়া ১৫ মে মিলবে ২৫ মে’র টিকিট, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র ট্রেনের অগ্রিম টিকিট।
টিকিট কেনার নিয়মে বলা হয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কেনা যাবে। তবে এই অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না।সাধারণ যাত্রীদের অনুরোধ বিবেচনায় রেখে রেলওয়ে জানিয়েছে, যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
তবে এই সুবিধা শুধুমাত্র উচ্চ শ্রেণির আসন ব্যতীত অন্যান্য কোচের ক্ষেত্রে প্রযোজ্য হবে।ঈদুল আজহার চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে রেলওয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। টিকিট কেনা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন