শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

আরব আমিরাতে জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৭, ২০২৬, ০২:৫০ পিএম

আরব আমিরাতে জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদের তারিখ ঘোষণা

দূরবীনে আকাশ পর্যবেক্ষণ

সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। আজ রোববার (১৭ মে) সকালে আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিবালোকেই হিজরি ১৪৪৭ সনের এই চাঁদের ছবি ধারণ করা হয়। ছবি তোলার সময় চাঁদের বয়স ছিল প্রায় নয় ঘণ্টা এবং সূর্য থেকে এর দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি।

সেই হিসেবে আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যে তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। 

সেই অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানানো হয়েছে। একইভাবে তুরস্কও সোমবার থেকে জিলহজ মাস শুরুর কথা জানিয়েছে, কারণ দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামি ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিউনিসিয়া ও তুরস্কে গতকাল শনিবার জিলকদ মাসের ২৯তম দিন ছিল। তবে সৌদি আরবসহ অধিকাংশ ইসলামি দেশে আজ রোববারকে জিলকদের ২৯তম দিন হিসেবে ধরা হয়েছে। সে কারণে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশের মুসলমানদের আজ সন্ধ্যায় খালি চোখে বা দূরবীনের সাহায্যে জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। 

আজ সন্ধ্যায় কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে সাক্ষ্য নিবন্ধনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। জিলহজ মাস শুরুর ওপরই মূলত বার্ষিক হজের চূড়ান্ত সময়সূচি এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ভর করে।

তথ্যসূত্র: গালফ নিউজ