শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

সবার আগে ঈদুল আজহার তারিখ জানাল তিউনিসিয়া ও তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৭, ২০২৬, ১২:২৭ পিএম

সবার আগে ঈদুল আজহার তারিখ জানাল তিউনিসিয়া ও তুরস্ক

বিশ্বে সবার আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। আগামী ২৭ মে বুধবার দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে রোববার এই তথ্য জানানো হয়েছে।তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশই আগামী ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়েছে।

ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। গত শনিবার তিউনিসিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই তারিখ প্রকাশ করে। অন্যদিকে তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের দিন নির্ধারণ করেছে। 

দেশটির কর্তৃপক্ষ জানায়, জিলহজ মাস শুরু হবে সোমবার থেকে।এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কুরবানির ঈদ কবে হবে তা আজ রোববার সন্ধ্যায় জানা যাবে। 

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আজ ২৯ জিলকদ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা হবে। এই মাসটি ইসলামি ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এ মাসেই মুসলমানরা বার্ষিক হজ পালন করেন। জিলহজ মাসের নবম দিনে পবিত্র আরাফাত দিবস এবং দশম দিনে ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হয়।

তথ্যসূত্র: গালফ নিউজ