শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

কোরবানির ঈদকে সামনে রেখে বীরগঞ্জে কামারদের ব্যস্ততা

মোঃ আরিফ ইসলাম

মে ১৭, ২০২৬, ০২:৩১ পিএম

কোরবানির ঈদকে সামনে রেখে বীরগঞ্জে কামারদের ব্যস্ততা

ছবি-দিনাজপুর টিভি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে কামারদের ব্যস্ততা চরম আকার ধারণ করেছে। কোরবানির পশু জবাই ও মাংস কাটার প্রয়োজনীয় ধারালো সরঞ্জাম প্রস্তুত করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন স্থানীয় কারিগরেরা। আজ রোববার (১৭ মে) সকালে বীরগঞ্জ পৌর এলাকার স্লুইসগেট রোডের ডাবলু মার্কেটে গিয়ে এই ব্যস্ততার চিত্র দেখা যায়।

কামার মো. শাহ আলমের কর্মশালায় এখন নতুন দা, বটি, কাচি ও ছুরি তৈরির ধুম পড়েছে।জ্বলন্ত আগুনে লোহা গরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ধারালো সরঞ্জাম। 

কেউ নতুন জিনিস তৈরি করিয়ে নিচ্ছেন, আবার কেউ পুরনো দা-বটি শান দিতে নিয়ে আসছেন বাজারে। শাহ আলম জানান, তার এই কর্মশালায় বর্তমানে ছয়জন কারিগর ও কর্মচারী দিনরাত শ্রম দিচ্ছেন। কোরবানির এই বিশেষ মৌসুমে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে তার।

সারা বছরের তুলনায় এই নির্দিষ্ট সময়ে কাজের চাপ অনেক বেশি থাকে বলে কারিগরেরা জানান। প্রতিটি গৃহস্থ বাড়ি থেকেই দা, বটি ও ছুরি শান দেওয়ার জন্য বাজারে নিয়ে আসা হচ্ছে। কাজের তুলনায় ক্রেতাদের কাছ থেকে তুলনামূলক কম দাম রাখা হচ্ছে বলে দাবি করলেন শাহ আলম। মূলত এই কারণেই সকাল থেকে রাত পর্যন্ত তাদের একটানা কাজ করতে হচ্ছে।

বাজারে আসা ক্রেতা মো. হামিদ জানান, সামনে কোরবানির ঈদ থাকায় বাসার সব ছুরি, কাচি ও বটি শান দিতে নিয়ে এসেছেন তিনি। সারা বছর তেমন একটা সময় সুযোগ না হওয়ায় প্রতিবছর কোরবানির আগেই এই প্রস্তুতি সম্পন্ন করেন। ঈদ যত ঘনিয়ে আসবে, বীরগঞ্জের কামারপাড়াগুলোতে ব্যস্ততা আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।