মে ২৩, ২০২৬, ০৮:২৩ পিএম
শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী বা শিশু নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না বলে স্পষ্ট করেন তিনি।
যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধের সাহস না পায়, সেজন্যই এই দ্রুত বিচারের উদ্যোগ।এই জঘন্য ঘটনাকে দেশের মানবিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রমাণ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন দেশের বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করেছে। শিশুহত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও তিনি সতর্ক করেন, যারা রাস্তা অবরোধ ও আগুন জ্বালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চাইছে।
এমন অরাজকতা তৈরি হলে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে। প্রধানমন্ত্রী জানান, অস্থিরতা সৃষ্টি হলে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-খতিবদের সম্মানী এবং শিশুদের স্কুল ড্রেস বিতরণের মতো কাজগুলো আটকে যাবে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ার পর একটি গোষ্ঠী এখন অস্থির হয়ে উঠেছে। যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা আসলে কৃষকের কথা বলে না। তারা কেবল অরাজকতা চায়।
নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ত্রিশালের ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। দরিরামপুরের নজরুল একাডেমি মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন