রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৩:২৩ পিএম

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি নিজে কোদাল হাতে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি চালু করেন। দীর্ঘ দুই দশক পর সরকারি দলের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার পূরণে এই উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমে যোগ দেন।এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হন সরকার প্রধান। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই অঞ্চলে এবার জাতীয় পর্যায়ে কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। আগামী সোমবার মূল দিবস হলেও ঈদুল আজহার ছুটির কারণে অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন এনে শনিবার থেকেই তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব শুরু করা হয়েছে। 

প্রধানমন্ত্রী সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।বিকালে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে একটি বিশেষ সাংগঠনিক সভাতেও যোগ দেবেন তিনি।

ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে তাঁর রওয়ানা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।