মে ২৩, ২০২৬, ০৬:৩৬ পিএম
দেশের আলোচিত শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি এক মাসে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই কড়া বার্তা দেন।
বর্তমান সমাজে নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে বিশেষ তাগিদ দিয়েছেন সরকার প্রধান।আইনের শাসন সুসংহত করার লক্ষ্যে এই কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন যে এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানুষের চূড়ান্ত নৈতিক অবক্ষয়ের প্রমাণ মিলেছে। তবে যেকোনো মূল্যে অপরাধীর মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়। একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জাতীয় জীবনে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জীবিত করা আবশ্যক।
জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করার বিষয়টি বিবেচনা করতে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।এর পরপরই তিনি তিন দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সমৃদ্ধ ও স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় কবি গবেষক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন