রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাস্থ্যমন্ত্রীর দাবি অস্বীকার করলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৮:২৪ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর দাবি অস্বীকার করলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

সংবাদ সম্মেলনে ডা. শেখ মহিউদ্দিন

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের লাইসেন্স বাঁচাতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে বলে স্বাস্থ্যমন্ত্রীর তোলা অভিযোগ অস্বীকার করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। সোমবার বিকেলে আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন একটি অনুষ্ঠানে হাসপাতালটির বিরুদ্ধে ঘুষ দেওয়ার প্রচেষ্টার অভিযোগ করেছিলেন।সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন ডা. শেখ মহিউদ্দিন।ডা. শেখ মহিউদ্দিন প্রশ্ন রাখেন, তিনি কেন মন্ত্রীর পেছনে ঘুরবেন? এ ধরনের অভিযোগ যদি থেকে থাকে, তবে সেটি প্রমাণ করার দায়িত্ব মন্ত্রীর নিজের বলে মন্তব্য করেন তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো ধরনের অর্থ নিয়ে তিনি মন্ত্রীর কাছে যাননি বা লাইসেন্স পাওয়ার চেষ্টা করেননি।

হাসপাতালের নিবন্ধন বাতিলের বিষয়ে তিনি জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ আইনি প্রক্রিয়ায় তারা প্রতিকার চাইবেন বলে জানান তিনি। হাসপাতালের কার্যক্রম ও লাইসেন্স সংক্রান্ত পরবর্তী পরিস্থিতি আইনিভাবেই মোকাবেলা করার প্রস্তুতি চলছে বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।