জুন ২৭, ২০২৬, ০১:২৬ পিএম
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ বা অর্ধেক ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য একটি নতুন পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ‘সিএসএফ সেন্টার’ নামের ওই পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধনী সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার ও প্রয়োজনীয় সামাজিক সেবা নিশ্চিত করতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের যাতায়াত ব্যবস্থা সহজ করতেই এই কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা চালুর বিশেষ উদ্যোগও নেওয়া হচ্ছে। এর আগে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে মেট্রোরেল ও দূরপাল্লার ট্রেনে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। গত ২৫ জুন থেকে ইতিমধ্যে এই বিশেষ রেয়াত সুবিধা মাঠপর্যায়ে কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন