রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

গত চার মাসে কোনো ব্যাংক লুটের খবর নেই, সংসদে পার্থ

জাতীয় ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৬:২৭ পিএম

গত চার মাসে কোনো ব্যাংক লুটের খবর নেই, সংসদে পার্থ

বর্তমান সরকারের গত চার মাসে দেশের কোনো পত্রিকা খুললে একটিও ব্যাংক লুটের খবর পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, বিগত ১৭ বছরের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির সঙ্গে বর্তমান সরকারের এই পার্থক্য অত্যন্ত স্পষ্ট। শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।নতুন বাজেটকে তিনি জনকল্যাণমুখী বলে আখ্যা দিয়েছেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, এই বাজেটে ৪১ লাখ ফ্যামিলি কার্ড, শারীরিক প্রতিবন্ধীদের সরঞ্জামের ওপর কর কমানো, স্টার্টআপ সহায়তা এবং ক্যানসার, হার্ট ও চোখের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। এই অর্থবিলটির মূল লক্ষ্য জনকল্যাণ বলে তিনি উল্লেখ করেন। বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছর জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের ট্র্যাক রেকর্ড ভালো ছিল না, কারণ তখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয়েছে। লুৎপাটকারীদের দেশ লুটের সব ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং মানুষকে শুধু বেশি টাকা ব্যয়ে নির্মিত অহংকারের প্রতীক কিছু অবকাঠামো দেখানো হয়েছে।

বর্তমান প্রশাসনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বেনিফিট অব দ্য ডাউট দেওয়ার অনুরোধ করেন।রাজনীতি না করে বাজেটকে জাতীয় ইস্যু হিসেবে নেওয়ার তাগিদ দিয়ে পার্থ দেশে যাকাতভিত্তিক অর্থনীতি প্রসারের প্রস্তাব করেন। তিনি প্রতিটি নির্বাচনী আসনে যাকাত পাওয়ার যোগ্য মানুষদের নিয়ে একটি ডাটাবেজ তৈরি এবং একটি ‍‍`যাকাত টেলিভিশন‍‍` চালুর দাবি জানান। একই সঙ্গে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করে ইসলামিক ব্যাংকিং প্রসারের ওপর জোর দেন তিনি। নিজের নির্বাচনী এলাকা ভোলার গ্যাস সম্পদকে কাজে লাগাতে সেখানে দ্রুত অবকাঠামো, বিমানবন্দর ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি জানিয়ে ‍‍`ভোলা ডেভেলপমেন্ট কমিটি‍‍` গঠনের জোর দাবি জানান এই সংসদ সদস্য।