জুন ৩০, ২০২৬, ০৯:০০ পিএম
চলতি জুন মাসে সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অসংখ্য অভিযোগ পাওয়ায় এক জরুরি নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত ২৯ জুন সোমবার রাতে মন্ত্রণালয়ের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রাহকদের যেকোনো ধরনের অতিরিক্ত বা অস্বাভাবিক বিল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে সরাসরি বিতরণ সংস্থাগুলোর হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
গ্রাহক হয়রানি লাঘবে অতিরিক্ত বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন বিতরণ সংস্থা ও কোম্পানির গ্রাহক পর্যায়ে চলতি ২০২৬ সালের জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্মে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রতিটি সংস্থাকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার কঠোর তাগিদ দেওয়া হয়েছে। কোনো গ্রাহক এমন অতিরিক্ত বিলের মুখোমুখি হলে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে বা নির্ধারিত মোবাইল নম্বরে কল করে প্রতিকার পাবেন।মন্ত্রণালয় গ্রাহকদের তাৎক্ষণিক সুবিধার জন্য বেশ কয়েকটি জরুরি হটলাইন ও কল সেন্টার নম্বর প্রকাশ করেছে।
এর মধ্যে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ এবং বিপিডিবির কল সেন্টার নম্বর ১৬২০০। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য ১৬৮৯৯, ডিপিডিসির ক্ষেত্রে ১৬১১৬, ডেসকোর জন্য ১৬১২০, নেসকোর জন্য ১৬৬০৩ এবং ওজোপাডিকোর গ্রাহকদের জন্য ১৬১১৭ নম্বরে কল করে সরাসরি অভিযোগ জানানো যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন