জুলাই ৭, ২০২৬, ০৭:২২ পিএম
ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন পরবর্তী পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৪ সালের পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতার মুখোমুখি।
ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ। শেখ হাসিনা ও তার সহযোগীদের ভারতে অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে এবং এই জনমতকে কোনো সরকারই উপেক্ষা করতে পারবে না। তবে তিনি এও স্বীকার করেন, ইতিহাস ও ভৌগোলিক বাস্তবতায় পারস্পরিক স্বার্থে সম্পর্ক স্বাভাবিক করা উভয় দেশের জন্যই জরুরি।
ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচনের প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে অপপ্রচার দুই দেশের আস্থার সংকট বাড়িয়েছে বলে মনে করেন ড্যানিলোভিচ। চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর প্রসঙ্গে তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগের জন্য বাংলাদেশের চীনকে প্রয়োজন হতে পারে। ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করলে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বিপুল সংখ্যক শরণার্থীর দায়ভার এককভাবে বহন করা বাংলাদেশের জন্য কঠিন। রাখাইনে প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগাযোগ বৃদ্ধি প্রয়োজন। ড্যানিলোভিচ আরও বলেন, সার্কের কার্যকারিতার অভাবে বাংলাদেশ এখন আসিয়ানসহ আঞ্চলিক জোটে মনোযোগ দিচ্ছে। একই সঙ্গে ২০২৪ সালের পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গভীর করতে আগ্রহী।
তথ্যসূত্র: দ্য ডেল্টাগ্রাম

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন