মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, ক্যাম্পাসে উৎসবের আমেজ

জাতীয় ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১১:১৯ এএম

ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, ক্যাম্পাসে উৎসবের আমেজ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (১১ জুলাই) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এখন সাজসাজ রব ও উৎসবমুখর পরিবেশ।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই পরিদর্শনকে এক মিলনমেলা হিসেবে দেখছেন। ডিএমসিয়ান পরিবারের সদস্যরা মনে করছেন, এই সফর প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন আশার বার্তা নিয়ে আসবে।ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানের উপস্থিতি সফরটিকে আরও বিশেষ করে তুলেছে।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ডা. বেলাল হোসেন নাজিম জানান, দেশের স্বাস্থ্যখাতকে আধুনিক ও জনমুখী করতে প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত। তার এই পরিদর্শন চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের অনুপ্রাণিত করবে।ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, এই আয়োজন তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নেতৃত্বের পথে উদ্বুদ্ধ করবে এবং প্রতিষ্ঠানের গৌরবকে নতুন করে তুলে ধরবে। 

পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. সাকিবুল হাসান জানান, ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে সরাসরি কাছে পেয়ে স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়ন-সংক্রান্ত বিষয় তার কাছে তুলে ধরার সুযোগ পাওয়া যাবে।প্রসঙ্গত, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হওয়া ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসা শিক্ষা প্রদান করা হয়।