জুলাই ১২, ২০২৬, ১১:১০ এএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতের কার্যক্রম অর্ধবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার প্রধান বিচারপতির পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়। শোকবার্তায় প্রধান বিচারপতি নিজের পক্ষ থেকে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সম্মানে রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম দিনের দ্বিতীয় ভাগে বন্ধ থাকবে। এছাড়া আদালতের চেম্বার কোর্টের কার্যক্রম সারা দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন। তিনি একাধারে সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার মৃত্যুতে দেশের আইন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন