জুলাই ২৫, ২০২৬, ১২:২৬ পিএম
সব বাধা অতিক্রম করে একটি প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এটি একটি সম্মিলিত জাতীয় মিশন।শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সেমিকন্ডাক্টর ডিজাইন ভেরিফিকেশন ট্রেনিং, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিং খাতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে। এই খাতকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।খাতটি এগিয়ে নিতে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা ও উদ্ভাবন বাস্তবায়নে প্রথমবারের মতো বছরে পাঁচ শ কোটি টাকার স্টার্টআপ অনুদান রাখা হয়েছে। বিনিয়োগবান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে কাজ চলছে।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশি-বিদেশি নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। দুই দিনে এগারোটি প্লেনারি সেশন এবং সাতটি কৌশলগত প্যানেল আলোচনা থাকছে। সামিটের পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে শিক্ষার্থী ও স্টার্টআপদের উদ্ভাবিত প্রযুক্তি পণ্য ও উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন