বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন

জাতীয় ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ১০:৪২ এএম

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন

রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি পদে নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাবেন, তা নিয়ে সাংবিধানিক বিশ্লেষণ শুরু হয়েছে। স্পিকার বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় এই আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে আইনি কাঠামো চর্চা করছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে শপথ অনুষ্ঠান সম্পন্ন হতে হবে।

সংবিধান অনুযায়ী তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথের বাধ্যবাধকতা রয়েছে।বাংলাদেশের সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার অনুপস্থিতিতে সংসদের স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকারের ওপর ন্যস্ত হয়। অপরদিকে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিল অনুযায়ী রাষ্ট্রপতির শপথ পরিচালনার দায়িত্ব নির্ধারিত রয়েছে স্পিকারের ওপর। 

যেহেতু বর্তমান স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন, সেহেতু সংসদীয় কার্যপ্রক্রিয়া অনুযায়ী স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।এই সাংবিধানিক বিধানের আলোকেই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ব্যক্তি দায়িত্ব নেওয়ার পূর্বে ডেপুটি স্পিকারের নিকট শপথ পাঠ করবেন বলে বিশ্লেষকদের ধারণা। এতে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে দায়িত্ব হস্তান্তরের এই পর্বে একটি বিশেষ সাংবিধানিক উপস্থিতি তৈরি হচ্ছে।শপথ অনুষ্ঠানের নির্ধারিত সময় ও স্থান জাতীয় সংসদ কার্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে।