আগস্ট ১৯, ২০২৬, ১০:৫৫ এএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে বিশেষ করে স্বাস্থ্য খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
মালয়েশিয়ার চিকিৎসাব্যবস্থার অগ্রগতির প্রশংসা করে হাইকমিশনার জানান, তুলনামূলক কম খরচে ও নির্ধারিত মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার কারণে বর্তমানে আন্তর্জাতিক রোগীদের জন্য মালয়েশিয়া একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশিরাও এই সুবিধা গ্রহণ করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য মালয়েশিয়ার সহায়তায় কিডনি, লিভার এবং বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মতো জটিল চিকিৎসাবিষয়ক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। দুই দেশের চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সুফল অর্জনের ক্ষেত্র প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালয়েশিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন