আগস্ট ২৭, ২০২৬, ০৯:৪২ পিএম
জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। পরিকল্পনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আব্দুল মঈন খানের শূন্য হওয়া পদে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।বৃহস্পতিবার জাতীয় সংসদে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদে এই প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে বাদ পড়া জহির উদ্দিন স্বপনকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়। এছাড়া আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আগের সভাপতি আন্দালিব রহমান পার্থ নতুন মন্ত্রিত্ব পাওয়ায় ওই কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে এবং নতুন সভাপতি হিসেবে বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির দায়িত্ব গ্রহণ করেছেন।
এদিকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে কমিটিতে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি কার্যউপদেষ্টা কমিটি এবং সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতেও রদবদল আনা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন