সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:৫৪ পিএম
বিগত সতেরো বছরে আওয়ামী লীগ দেশের সামগ্রিক অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুতের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আজ বুধবার দুপুরে তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে নিজ সংসদীয় আসন ভোলা-১-এর নতুনবাজারে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সবচেয়ে কঠিন সময়ে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই কঠিন পরিস্থিতি থেকে দেশকে ক্রমান্বয়ে টেনে তুলতে কাজ চলছে। ভোলার আঞ্চলিক অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং প্রকল্পটি বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
একই সঙ্গে ভোলার মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারের কাজও সরকারের বিবেচনাধীন। এলাকার অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করতে ভোলায় এক হাজার দুইশত কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীভাঙন রোধে সাতশত কোটি টাকা এবং অভ্যন্তরীণ সড়ক সংস্কারের জন্য পাঁচশত কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি জানান।
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো অন্যায়কারী বা অপরাধীকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে না। এর আগে ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে দুপুরে ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তথ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন