সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:৪২ পিএম
ফ্যাসিস্ট সরকারের আমলের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের জ্বালানি খাতকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা জানান। বর্তমান সরকারের আমলে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে এবং দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বিভিন্ন বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সংসদকে অবহিত করেন তিনি।
দীর্ঘদিনের আমদানি নির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতে সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে দেড়শ কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ত্রিশটি কূপ খনন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন একশ চল্লিশ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। চলমান কূপগুলোর কাজ শেষ হলে আরও গ্যাস যুক্ত হবে এবং নতুন প্রকল্প গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বাপেক্সকে আরও শক্তিশালী করতে দুটি নতুন রিগ ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। অফশোর মডেল পিএসসি অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে এবং অনশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মহেশখালীর গভীর সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনসহ আগামী দুই বছরের মধ্যে এলএনজি আমদানি আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। জরুরি ভিত্তিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন