বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
বিশ্বমঞ্চে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে ব্রিফিং আজ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:৪৬ এএম

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে ব্রিফিং আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক এবং নিউইয়র্ক সফরের সামগ্রিক ফলাফল জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বুধবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হবে।   

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কূটনৈতিক কর্মসূচি, সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণের মূল বার্তা এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ফলাফল বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন সরকারের শীর্ষ মুখপাত্ররা। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।