অক্টোবর ৩, ২০২৬, ০৮:২১ পিএম
প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিএনপি কখনো বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, অতীতে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও বিএনপি প্রতিহিংসার পথে হাঁটেননি এবং দলীয় নীতিতে প্রতিশোধের কোনো স্থান নেই।
শনিবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজ হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেলেও তারা কোনো প্রতিশোধ নেয়নি। তবে বিগত দুই দশকে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি এবং জনগণের ওপর আস্থা না রেখে নিজেদের মুরুব্বিদের ওপর নির্ভর করেছিল। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার তাগিদ দিয়ে তিনি বলেন, গতানুগতিক শিক্ষার গণ্ডি পেরিয়ে জীবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, আধুনিক প্রযুক্তি, ভাষা শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের সাথে যুক্ত করার আহ্বান জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলবাজির আখড়া না বানিয়ে মানুষ তৈরির প্রকৃত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন এই মন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল হোসাইন, কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফুর রহমান, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। উল্লেখ্য, তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজের জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক অর্জনকারী ১ হাজার ৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে ৭৫৪ জন ছাত্র এবং ৪০০ জন ছাত্রী ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৭২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৬ অক্টোবর ফাইনাল খেলার মাধ্যমে প্রতিযোগিতাটি সম্পন্ন হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন