মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৪২ এএম

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর ভিপি সাদিক কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই তথ্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেন।

তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা এবং শিক্ষাঙ্গনের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে সাদিক কায়েমকে তালিকার শীর্ষে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, সাদিক কায়েমের প্রার্থী হওয়ার খবরটি সামনে আসতেই তাকে স্বাগত জানিয়েছেন আসনটির (ঢাকা-৮) সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই স্বাগত বার্তা দেন।পোস্টে ওসমান হাদি লিখেছেন, "সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সাদিকের জন্য অনেক দোয়া।"তিনি আরও লিখেছেন, "দেশপ্রেমিক জনতার জোয়ারই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি।

ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।"এই আসনে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সাদিক কায়েম এবং ওসমান হাদির প্রতিদ্বন্দ্বিতা শুরু হলে ঢাকা-৮ আসনে জাতীয় নির্বাচনের রাজনীতি বেশ জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামী এই আসনে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনকে মনোনীত করেছিল।