অক্টোবর ৩, ২০২৬, ০৯:০৩ পিএম
রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দিনব্যাপী এক মানবিক ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে এই বিশেষ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে আয়োজিত এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. সামছুল আলম সুমন। পরে কার্যক্রম চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি সাদিক কায়েম সরাসরি উপস্থিত হয়ে ক্যাম্পটি পরিদর্শন করেন।
তৃণমূল মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠিত এই অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম এবং হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ চিকিৎসক প্যানেল রোগীদের সেবা দেন। ক্যাম্পে স্থানীয় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাপরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। প্রেসক্রিপশন অনুযায়ী প্রত্যেক সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করেন আয়োজকরা।
সভাপতির বক্তব্যে রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, রমনা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবেই তারা নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তিনি জানান, ভবিষ্যৎ দিনগুলোতে এই চিকিৎসাসেবা কার্যক্রম আরও বিস্তৃত ও জোরদার করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় তাদের সোসাইটি নিয়মিত মশক নিধন অভিযান এবং দ্রুত বর্জ্য অপসারণ কর্মসূচি পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তোফাজ্জল হোসেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন